ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ভারতে করোনায় মৃত্যু ১৪ হাজার পার

ভারতে করোনায় মৃত্যু ১৪ হাজার পার
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০১:৪৩

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে হু হু করে। দেশটিতে সোমবার ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৩৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এতে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৪০ হাজার ২১৫ জন। আর প্রাণহানি ১৪ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, সোমবার একদিনে করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩১২ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১৪ হাজার ১১ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু ৬ হাজার পেরিয়ে গেছে। এ রাজ্যে মোট মারা গেছেন ৬ হাজার ২৮৩ জন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনায় দিল্লিতে এ পর্যন্ত ২ হাজার ২৩৩ জনের মৃত্যু হল। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছেন ১ হাজার একজন। এছাড়া তামিলনাড়ুতে ৭৯৪ জন, পশ্চিমবঙ্গে ৫৬৯ জন, উত্তরপ্রদেশে ৫৬৯ জন, মধ্যপ্রদেশে ৫২১ জন মারা গেছে। 

শুরু থেকেই সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ৩ হাজার ৭২১ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত হলেন ১ লাখ ৩৫ হাজার ৭৯৬ জন। আক্রান্তের দিক থেকে তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। এ রাজ্যে এখন মোট আক্রান্ত ৬২ হাজার ৬৫৫ জন। তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৮৭ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাটে মোট আক্রান্ত ২৭ হাজার ৮২৫ জন। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যে ১৮ হাজার ৩২২, রাজস্থানে ১৫ হাজার ২৩২ এবং পশ্চিমবঙ্গ রাজ্যে ১৪ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। 

প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যাও স্বস্তি দিচ্ছে ভারতকে। এখন পর্যন্ত মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৯৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ১৯০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

আরও পড়ুন

×