জার্মানিতে এক ব্যক্তির বিরুদ্ধে ১৪ জনকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
এএফপি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৭:২৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৭:২৪
জার্মানিকে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ১৪ জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সবার সঙ্গেই তাঁর ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল। তদন্তের পর ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার বার্লিন প্রসিকিউটর কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অ্যালকোহলের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নারীদের অচেতন এবং তারপর ধর্ষণ করতেন বলে অভিযোগ আছে। তিনি মূলত অনলাইন ডেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আগে থেকে ওই নারীদের সঙ্গে পরিচিত হতেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগীদের কারোরই নির্যাতনের স্মৃতি মনে ছিল না। ওই ব্যক্তির কথা পুলিশ প্রথম জানতে পারে লোয়ার সেক্সনি রাজ্যে অপর একটি মামলার তদন্তের সময়। সন্দেহবশত গত বছরের মার্চ মাসে তাঁর অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। তখন যৌন অপরাধের অসংখ্য ভিডিও সম্বলিত পেনড্রাইভ পায় পুলিশ।
চলতি বছরের মার্চ মাসে দ্বিতীয় দফায় তল্লাশির পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি হেফাজতে আছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, এই ব্যক্তির নির্যাতনের শিকার মোট ৫৮ জন নারীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ধর্ষণ ও শারীরিক ক্ষতির ২২টি অভিযোগ দায়ের করেছেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, অন্যান্য সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে এখনও তদন্ত চলছে।
- বিষয় :
- ধর্ষণ
- ডেটিং অ্যাপ
- জার্মানি
- ইউরোপ