ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এমপিদের বিলাসী ভাতার বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ, সেনা মোতায়েন

এমপিদের বিলাসী ভাতার বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ, সেনা মোতায়েন
×

আইন প্রণেতাদের বিলাসী ভাতা ও অতিরিক্ত সুবিধার বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৩৯

সংসদ সদস্যদের বিলাসী ভাতা ও অতিরিক্ত সুবিধা নিয়ে তীব্র ক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। টানা এক সপ্তাহ ধরে চলা আন্দোলনে আটজন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে।

সোমবার বিকেলে জাকার্তার সংসদ ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তাদের পাশে অবস্থান নেয় সেনা ও পুলিশের দল। একই দিনে পালেমবাং, বানজারমাসিন ও যোগ্যাকার্তায়ও শত শত মানুষ সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। মাকাসারে বৃহস্পতিবারের সহিংসতার পরও সোমবার ছাত্ররা পুড়ে যাওয়া স্থানীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে। 

এর আগে রোববার দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশ সফর স্থগিতের ঘোষণা দেন। একই সঙ্গে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার সকাল থেকে রাজধানী জাকার্তায় যৌথভাবে টহল দেয় সেনা ও পুলিশ। শহরের প্রধান সড়কে চেকপোস্ট বসানো হয় এবং জাতীয় স্মৃতিস্তম্ভসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনারা অবস্থান নেয়। প্রেসিডেন্ট ভবনের সামনেও মোতায়েন করা হয় সেনা। সাঁজোয়া যান ও মোটরসাইকেল বহর নিয়ে কেন্দ্রীয় সংসদ ভবনের সামনে মহড়া দেয় পুলিশ। রাজধানীর সব স্কুল-কলেজে অনলাইন ক্লাসের পাশাপাশি সরকারি কর্মচারীদের বাসা থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়।

গত কয়েক দিনের সহিংসতায় বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িঘরে লুটপাট চালানো হয়। এমনকি অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানির বাড়িতেও হামলা চালানো হয়। রোববার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে যোগ্যাকার্তায় আরও একজন বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়। 
 

আরও পড়ুন

×