বিস্ফোরকবাহী রোবট আতঙ্ক
গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ জোরদার, সমুদ্রের দিকে পালাচ্ছে বাসিন্দা
সোমবার ইসরায়েলি বোমা হামলায় ধসে পড়েছে গাজা শহরের রিমাল এলাকার আল-রুয়া টাওয়ার (ছবি-এএফপি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫১
ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় এখন বিস্ফোরকবাহী রোবট আতঙ্কের কারণ হয়ে উঠেছে। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম বলেন, বিশেষ করে গাজা শহরের পূর্ব ও উত্তরে ফিলিস্তিনিরা ইসরায়েলি বোমাবর্ষণের ক্রমবর্ধমান হুমকির মধ্যে বাস করছে। এই এলাকার পরিবারগুলো পশ্চিমে সমুদ্রের দিকে পালিয়ে যাচ্ছে। উপকূলরেখা বরাবর শিবির ও তাঁবুর সংখ্যা বাড়ছে।
আলজাজিরা জানায়, সোমবার ইসরায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। গত ২৪ মাসে ইসরায়েলি সামরিক অভিযানে ৬৪ হাজার ৫২২ জন নিহত এবং এক লাখ ৬৩ হাজার ৯৬ জন আহত হয়েছে। দুর্ভিক্ষে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষুধায় ১৩৮ জন শিশুসহ ৩৮৭ জনের প্রাণ গেল। গাজা উপত্যকার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে হাজার হাজার বাসিন্দার বাস ছিল। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের তাঁবু, আশ্রয়কেন্দ্রসহ ভবনগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে। বোমা হামলায় ২০০টিরও বেশি তাঁবু ধ্বংস হয়েছে।
হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে। ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের স্বার্থে তারা প্রস্তাবটি মেনে নিতে রাজি। দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন যে কোনো উদ্যোগকে স্বাগত জানাতে ও জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত তারা।
ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার পূর্ব জেরুজালেমের গুলির ঘটনায় ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ক গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক মাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন। এ সময় বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে।
বাড়িঘর, তাঁবুতে হামলা চলছেই
হাসপাতালের চিকিৎসকদের মতে, সোমবার ভোরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং অনেকে আহত হয়েছে। একটি সূত্র আনাদোলুকে জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছে এবং একই এলাকায় ড্রোন তাঁবুতে আঘাত হানলে আরও তিনজন নিহত হয়েছে।
উত্তর গাজা শহরের আল-ইয়ারমুক স্ট্রিটে একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে বিমান হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শহরের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে একটি তাঁবু লক্ষ্য করে হামলায় আরও চারজন নিহত হয়েছে। আল-রিমাল পাড়ায় একটি আবাসিক ইউনিট লক্ষ্য করে বোমা হামলায় দুই ভাইবোন নিহত হয়েছে। উত্তর গাজার শেখ রাদওয়ান পুকুরের আশপাশে ঘরবাড়ি ও ভবন উড়িয়ে দেওয়া হয়েছে।
- বিষয় :
- ফিলিস্তিন
- গাজা
- ইসরায়েলি হামলা
