মুম্বাইয়ে বস্তির অর্ধেকের বেশি মানুষ করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২০ | ০৯:১২
ভারতের মুম্বাইয়ের তিনটি এলাকার বস্তির অর্ধেকের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে।
বুধবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।
যে এলাকায় জরিপ চালানো হয়েছে; সে এলাকার পাশে অর্থাৎ বস্তির বাইরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। এসব এলাকায় আক্রান্ত হয়েছে ১৬ ভাগ মানুষ।
জুলাইয়ের শুরুতে সাত হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে বিক্ষিপ্তভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর বড় ধরনের প্রভাব পড়েছে ভারতজুড়ে। মুম্বাইয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার, আর মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮৭ জনের।
তিনটি বস্তিতে যৌথভাবে এই গবেষণা চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ, সরকারের এক সংস্থা এবং টাটা ইনস্টিটিউশন অব ফানডামেন্টাল রিসার্চ।
জরিপে দেখা গেছে, মুম্বাইয়ের চিম্বুর, মাতুঙ্গা এবং দাইসারে বস্তিতে মোট জনসংখ্যার ৫৭ ভাগই করোনায় আক্রান্ত। জরিপে অংশ নেওয়া এক এক গবেষক বলেছেন, ভারতের অন্যতম ক্ষতিগ্রস্ত একটি শহরে সংক্রমণের বিস্তার সম্পর্কে বিভিন্ন বিষয় নির্দেশ করেছে এই জরিপ।