টাইমস স্কয়ারে রাম-এর ছবি প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ০৪:১৮ | আপডেট: ০৪ আগস্ট ২০২০ | ০৪:৪৬
বুধবার ভারতের মাটিতে রামমন্দির নির্মাণ উপলক্ষে ভূমি পূজা। সারা ভারতের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ওই অনুষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের হিন্দুদের মধ্যেও যে এই ‘উৎসব’ সাড়া ফেলেনি, তা জোর করে বলা যাবে না। সেখানে টাইমস স্কয়ারে তারা একটি বড় পর্দায় ভূমি পূজা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের কয়েকটি হিন্দু ধর্মীয় সংগঠনের উৎসাহে এই প্রদর্শনীর ব্যবস্থা করে একটি বিজ্ঞাপনী সংস্থা৷ কিন্তু শেষ মুহূর্তে ওই প্রদর্শনীর সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্য ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ওই প্রদর্শনী নিয়ে আপত্তি ওঠায় সেটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
বিলবোর্ডে রামের ছবি প্রদর্শনের বিরোধিতাকারীরা বলেন, প্রদর্শনীটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ এ বিষয়ে একটি আবেদনও দাখিল করে তারা।
টাইমস স্কয়ারে ন্যাসডাকের ডিজিটাল বিলবোর্ডটি ১৭০০ বর্গফুটের৷ এটি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল বিলবোর্ড৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু হিন্দু সংগঠন ওই বিলবোর্ডে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজা চলাকালীন রামের ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছিল।