বৈরুতে বিস্ফোরণ: বন্দরে মজুদ ছিল ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট
বিস্ফোরণের পর বেরিয়ে আসছে ধোঁযার কুন্ডলী- রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ২৩:০১
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে; বন্দরে মজুদ থাকা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণের ঘ্টনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে শহরের বন্দর এলাকায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে ভবন, গাড়ি ও বিভিন্ন ধরনের স্থাপনাও। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ছয় বছর ধরে বন্দরে অরক্ষিতভাবে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করা ছিল। ভয়বাহ এই বিস্ফোরণের ঘটনায় বুধবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। দুই সপ্তাহের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণারও চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট।
বিবিসি বলছে, অ্যামোনিয়াম নাইট্রেটের বহুবিধ ব্যবহার থাকলেও মূলত এর দুটি ব্যবহারই প্রচলিত। এর মধ্যে একটি কৃষি জমিতে, আরেকটি বিস্ফোরক হিসেবে। আগুনের সংস্পর্শে আসলে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
এদিকে বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদ কেন ছিল, কাস্টমস কর্তৃপক্ষের কাছে তার জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বিস্ফোরণের জন্য যারাই দায়ী হোক, তাদের চরম মাশুল দিতে হবে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের তিন দিন আগে সংঘটিত এই বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের পর এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জরুরি তহবিলের জন্য বড় অংকের অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বন্দরের কাছে বিস্ফোরকের গুদাম আছে। সেখানেই বিস্ফোরণ ঘটতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও বলা হচ্ছে, বিস্ফোরণের গুদামেই বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলতে চায়নি দেশটির সরকার।
বিস্ফোরণের পরপরই অনলাইনে কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। এতে বড় ধোঁয়ার কুন্ডলী এবং বাড়িঘর ধসে পড়তে দেখা গেছে। হাসপাতালে নেওয়া হয়েছে আহত বহু মানুষকে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ আগুন দেখতে পেলাম, সেটি যে বিস্ফোরণের ঘটনা, তা বুঝিনি। এর কয়েক সেকেন্ডের মধ্যে আমি আর কিছু শুনতে পাইনি। এরপর দেখি কাঁচ ভেঙে গাড়ির ওপর পড়ছে। ভবন ধসে পড়ছে।
লেবাননের রেডক্রস জানিয়েছে, বিস্ফোরণের পর শত শত মানুষকে হাসপাতালে নেওয়া হযেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।