আলজাজিরার মালয়েশিয়া অফিসে পুলিশের অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০০:৫৪
কাতারভিত্তিক নিউজ চ্যানেল আলজাজিরার মালয়েশিয়া অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
চ্যানেলটিতে প্রচারিত একটি ডকুমেন্টারি প্রতিবেদনের জন্য চলমান অনুসন্ধানের অংশ হিসেবে মঙ্গলবার কুয়ালালামপুরে এই অভিযান চালানো হয় বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
অভিযানে আলজাজিরা অফিসের দুটি কম্পিউটার জব্দ করা হয়েছে। ব্যাপারটিকে দেশটিতে মুক্ত গণমাধ্যমের ওপর ‘আঘাত’ বলেই ভাবছেন অনেকে।
আলজাজিরার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি ও আইসিটি অ্যাক্টে অভিযোগ তুলে এজন্য তদন্তের ঘোষণা দেওয়ার পরই এই অভিযান চালানো হয়।
গত ৩ জুলাই আলজাজিরায় একটি ডকুমেন্টারি প্রতিবেদনটি প্রচারিত হয়। সেখানে বাংলাদেশি শ্রমিক রায়হান কবীর মালয়েশিয়ান কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। পরে ২৫ জুলাই কবীরকে আটক করা হয়।
আলজাজিরার ব্যবস্থপনা পরিচালক গিলস ট্রেন্ডলি বলেছেন, অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আলজাজিরা আমাদের সাংবাদিক এবং আমাদের প্রতিবেদনের পক্ষেই থাকবে। আমাদের কর্মীরা তাদের কাজ করেছে এবং এরজন্য তারা ক্ষমা চাইবে না। সাংবাদিকতা কোনো অপরাধ নয়।
- বিষয় :
- আলজাজিরা