ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট
৩৭০ ধারা বিলোপে কাশ্মীরে 'সন্ত্রাসবাদ' কমেছে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০১:১০ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ০২:০৬
ভূস্বর্গ কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর গত এক বছরে সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ তুলনামূলক হারে কমেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কাশ্মীরের তরুণদের মধ্যে নাশকতামূলক কাজে লিপ্ত হওয়ার হার কমেছে ৪০ শতাংশের বেশি। মঙ্গলবার কাশ্মীরের রাজ্য হিসেবে বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের প্রথম বর্ষপূর্তিতে এ খতিয়ান তুলে ধরেছে ভারত সরকার। খবর আল আরাবিয়া পোস্টের।
ভারতের সংবিধানের ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। গত বছর ৫ আগস্ট ধারাটি বাতিল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ওই ধারা বাতিলের এক বছর পূর্তিতে সেই সাফল্যের খতিয়ান তুলে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই সন্ত্রাস দমন অভিযানে যথেষ্ট সাফল্য মিলেছে। গত এক বছরে নাশকতামূলক কার্যকলাপের পরিমাণ কমেছে ৪০ শতাংশ।’
মন্ত্রণালয়ের দাবি, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত কাশ্মীরে ১৮৮টি নাশকতামূলক কার্যকলাপ ঘটিয়েছে জঙ্গিরা। এ বছরে তার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৬টি। গতবছর ওই সময়ে ভূ-স্বর্গে একান্নটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে এই বছরের শুরু থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১টি। গত বছরের তুলনায় এবছর বহু সন্ত্রাসবাদীকে হত্যা করেছে যৌথবাহিনী।
কেন্দ্রীয় মন্ত্রণালয়ের রিপোর্টে আরও জানানো হয়, তরুণদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দেওয়ার হার কমেছে। এ হার ৪০ শতাংশ কমে নেমে এসেছে ৬৭ শতাংশে। ২০১৯ সালের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ভূ্স্বর্গে নিহত হয়েছে ১২৬ সন্ত্রাসবাদী। এ বছর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬। এতে পরিষ্কার,সন্ত্রাসের বিরুদ্ধে ভূস্বর্গে সরকারি বাহিনীর অভিযান সফলভাবেই চলছে।
- বিষয় :
- সন্ত্রাসবাদী
- নরেন্দ্র মোদি