স্মার্টফোনে সরকারি অ্যাপ প্রি-ইনস্টল বাধ্যতামূলক করছে ভারত
ভারতে স্মার্টফোনে সরকারি অ্যাপ প্রি-ইনস্টল বাধ্যতামূলক করছে নরেন্দ্র মোদি প্রশাসন। ফাইল ছবি: এএফপি
এপি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৫:০৩ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ২১:১৬
ভারতের টেলিকম মন্ত্রণালয় নতুন একটি নির্দেশনা জারি করেছে। এর আওতায় সব নতুন স্মার্টফোনে সরকার পরিচালিত সাইবার সিকিউরিটি অ্যাপ প্রি-ইনস্টল করতে হবে। এই নির্দেশনা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীর সম্মতি না নেওয়ার মতো বিষয়ে উদ্বেগ তৈরি করেছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওই নির্দেশনা জারি হয়। ‘সঞ্চার সাথী’ নামের অ্যাপটি সব নতুন ডিভাইসে ৯০ দিনের মধ্যে ইনস্টল করতে হবে। ব্যবহারকারীর সেটি আনইনস্টল বা মুছে ফেলার সুযোগ থাকবে না। পুরোনো মডেলের ফোনগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপটি ইনস্টলের পুশ নোটিফিকেশন পাঠানো হবে।
স্মার্টফোন ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বড় বাজার। টেলিকম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ দশমিক ২ বিলিয়ন। সাইবার প্রতারণার ক্ষেত্রে মোবাইল ফোনের অপব্যবহার রোধ ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপটি জরুরি।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা ও সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা কমাবে। ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও টেক সাইট মিডিয়ানামার প্রতিষ্ঠাতা নিখিল পহওয়া বলছেন, ‘এটি শুরু মাত্র। সরকারের পরীক্ষামূলক পদক্ষেপ। যদি কোনো সরকারি অ্যাপ জোর করে ডিভাইসে প্রি-ইনস্টল করা হয়, তাহলে ভবিষ্যতে নজরদারির মতো অ্যাপ পুশ করা ঠেকাবে কে?’
সরকারি তথ্য অনুযায়ী, সঞ্চার সাথী অ্যাপটি চালু হয় গত জানুয়ারিতে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ব্লক ও ট্র্যাক করতে এই অ্যাপ কাজ করে। এ ছাড়া, জালিয়াতির আশ্রয় নেওয়া সংযোগ শনাক্ত ও বন্ধের সুবিধাও আছে। চালু হওয়ার পর থেকে এটি ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপটির সাহায্যে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ৭ লাখের বেশি মোবাইল ফোন।
নিখিল পহওয়া বলছেন, মূল উদ্বেগের জায়গা হলো, অ্যাপটির কার্যকারিতা ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে। যা কর্তৃপক্ষকে ডিভাইসের অবস্থা পর্যবেক্ষণ করার আরও ক্ষমতা দেবে। ফোন মানুষের ব্যক্তিগত জিনিস। যা ইচ্ছা এখানে রাখা যায়। কিন্তু সরকার সেই সুযোগ বন্ধ করতে যাচ্ছে।
ভারত সরকারের এই নির্দেশনায় বিপাকে পড়তে পারে আইফোনসহ বেশকিছু স্মার্টফোন কোম্পানি। এসব কোম্পানির নীতি অনুযায়ী, তৃতীয় পক্ষের অ্যাপ বা কোনো কিছু প্রি-ইনস্টলের অনুমতি দেওয়া হয় না। সম্প্রতি আরও কয়েকটি দেশ ভারতের মতো এমন পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার সরকার ম্যাক্স নামে একটি মেসেজিং সেবা স্মার্টফোনে প্রি-ইনস্টল করা বাধ্যতামূলক করেছে। সমালোচকদের মতে, এই অ্যাপটি নজরদারির সরঞ্জাম হিসেবে কাজ করে।
- বিষয় :
- অ্যাপ
- নজরদারি
- স্মার্টফোন
- ভারত
- সাইবার নিরাপত্তা
