গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু
জোহরান মামদানি ও বেনিয়ামিন নেতানিয়াহু
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, মেয়র হলে যুদ্ধাপরাধের অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।
গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ব্যাপারে প্রশ্ন করলে গত বুধবার নিউইয়র্ক টাইমসকে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।
মামদানির সঙ্গে কথা বলবেন কিনা– এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, যদি মামদানি তাঁর চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে, ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।
মামদানি একাধিকবার বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি। নির্বাচিত মুসলিম এ মেয়র জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের এখতিয়ার মামদানির আছে কিনা– এ নিয়ে প্রশ্ন আছে।
এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কিনা– এ নিয়ে শঙ্কা আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতি বছর নিউইয়র্কে আসেন নেতানিয়াহু। খবর এএফপির।
- বিষয় :
- নেতানিয়াহু
- নিউইয়র্ক
- গ্রেপ্তার
