ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

হংকংয়ে চীনা প্রশাসকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হংকংয়ে চীনা প্রশাসকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
×

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ২৩:০৩

এবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামসহ বেশ কয়েকজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব করায় শুক্রবার ট্রাম্প প্রশাসনের ট্রেজারি বিভাগ ১১ চীনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে। খবর বিবিসির। 

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন এক বিবৃতিতে বলেন, ‘হংকংয়ের জনগণের পাশেই আছে যুক্তরাষ্ট্র এবং তাদের স্বায়ত্তশাসন ক্ষুন্নকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।’

ক্যারি লাম ছাড়াও হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস ট্যাং এবং সাবেক পুলিশ কমিশনার স্টিফেন লো, হংকংয়ের সেক্রেটারি অব সিকিউরিটি জন লি কা-চিউ ও সেক্রেটারি অব জাস্টিস তেরেসা চেংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত হবে। এছাড়া এই কর্মকর্তাদের সঙ্গে কোনও ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না মার্কিনিরা।

বেইজিং দীর্ঘদিনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন পাস করায় এবং সেই আইন বাস্তবায়নে ভূমিকা রাখায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি তুমুল বিক্ষোভের মুখেই বিতর্কিত এ আইনটি পাস করে চীন। ওই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়। এর অধীনে হংকংয়ের আইন বাদ দিয়ে ওইসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ।

হংকংয়ের ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে এমন পদক্ষেপের কারণে চীনকে শাস্তি দিতে গত মাসে এক নির্বাহী আদেশে সাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশের আওতায় শুক্রবার হংকংয়ের প্রধান নির্বাহীসহ অন্যদের ওপর এই নিষেধাজ্ঞা আনল ওয়াশিংটন।

আরও পড়ুন

×