ভারতে করোনায় একদিনে মৃত্যু হাজার ছুঁইছুঁই
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০ | ০০:২২
মহামারি করোনাভাইরাসে ভারতে আগের দিনের চেয়ে সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুহার বেড়েছে। একদিনেই প্রাণহানির সংখ্যা হাজার ছুঁইছুঁই। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৪২ হাজার পেরিয়ে গেছে। আর মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২০ লাখ ৮৮ হাজার। এ পরিস্থিতিতে পরীক্ষা বাড়িয়ে সংক্রমণের লাগাম টানতে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের পরিসংখ্যান মতে, দেশে আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫৩৭ জন। এদিন করোনা সংক্রমণ আগের দিনের চেয়ে কিছুটা হলেও কমেছে। আগের একদিনে আক্রান্ত হয়েছিল ৬২ হাজার ৫৩৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৮ হাজার ৬১২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে একদিনে। শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩৩ জন। তার আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৮৮৬ জনের। এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ৪২ হাজার ৪১৮ জনের।
এদিকে আক্রান্তের হিড়িক ও মৃত্যু বাড়লেও সুস্থ হয়ে উঠার পরিসংখ্যানও আশাব্যাঞ্জক। সুস্থ্য হওয়ার হার এখন ৬৮.৩২ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ লাখের বেশি মানুষ। এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৮৮ জন।
এদিকে করোনার প্রাদুর্ভাব আটকাতে বেশি করে পরীক্ষা করার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। যাতে অধিক পরীক্ষার মাধ্যমে সংক্রমিতদের আলাদা করে ফেলা যায়। গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৯৮ হাজার ৭৭৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ৭ আগস্ট পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ১৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
বিশ্বে করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে ভারত। গত ৪ দিনে যেভাবে ভারতে দৈনিক সংক্রমণ ঘটেছে, তা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের গত চারদিনের দৈনিক সংক্রমণের তুলনায় বেশি।
- বিষয় :
- মহামারি
- করোনাভাইরাস