চীনা বলে উত্যক্ত, প্রতিবাদ করায় ভারতের দেরাদুনে শিক্ষার্থীকে হত্যা
অ্যাঞ্জেল চাকমা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ২১:০০
ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে সম্প্রতি স্থানীয় কয়েকজনের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ভুক্তভোগী ত্রিপুরা রাজ্যের বাসিন্দা ও শিক্ষার্থী ছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, ওই যুবককে চীনা নাগরিক বলে উত্যক্ত করা হয়েছিল। প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন তাঁর ওপর হামলা করে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ৯ ডিসেম্বরের। চিকিৎসাধীন অবস্থায় অ্যাঞ্জেল চাকমা (২৪) নামের ওই যুবক ২৬ ডিসেম্বর মারা যান। সোমবার তাঁর বাবা অভিযোগ তুলেছেন, বর্ণবাদী হামলার ঘটনাকে পুলিশ ‘তুচ্ছ’ উল্লেখ করে এফআইআর গ্রহণ করতেও অস্বীকৃতি জানিয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অ্যাঞ্জেল ও তাঁর ভাই মাইকেল চাকমা (২১) দেরাদুনের সেলাকি এলাকায় প্রয়োজনীয় পণ্য কিনতে যান। সেখানে স্থানীয় ছয়জনের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। অভিযুক্তরা অ্যাঞ্জেল ও মাইকেলকে ‘চিক্কি’, ‘চাইনিজ’ ও মোমো বলে উত্যক্ত করেছিল। এরপর ঘটনা সহিংসতার দিকে যায়। ছুরিকাঘাতে অ্যাঞ্জেল নিহত হন, আহত হন মাইকেল।
উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কিশোর। মূল অভিযুক্ত পলাতক। ধারণা করা হচ্ছে সে নেপালে গেছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই সোমবার অ্যাঞ্জেলের বাবা তরুণ প্রসাদ চাকমার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। তরুণ বলেন, মাইকেলের কাছে থেকে তিনি ঘটনার বিষয়ে জানতে পেরে দেরাদুনের উদ্দেশে রওনা দেন। অ্যাঞ্জেলের অবস্থা তখন গুরুতর ছিল। তাঁর বাম হাত ও পায়ে দুইবার ছুরিকাঘাত করা হয়। মাথা থেকেও রক্ত ঝরছিল। ঘটনার পর উদ্ধারকারীরা এফআইআর করতে গিয়েছিল। কিন্তু পুলিশ তুচ্ছ ঘটনার কথা বলে নিতে চায়নি। অভিভাবকরা যাওয়ার পর মামলা হিসেবে নেয়।
তরুণ প্রসাদ চাকমা বলেন, উত্তর-পূর্ব ভারত থেকে অনেকে চাকরি ও পড়াশোনার জন্য দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে যায়। তাদের সঙ্গে এমন আচরণ করা উচিত না। তারাও ভারতীয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এএনআইকে তিনি বলেছেন, এটি দুঃখজনক ঘটনা। এই সংকটময় সময়ে অ্যাঞ্জেলের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
- বিষয় :
- বর্ণবাদী আচরণ
- হত্যা
- ত্রিপুরা
- ছাত্র
- ভারত
