ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ নাগরিক নিহত, দুইদিনের রাষ্ট্রীয় শোক

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ নাগরিক নিহত, দুইদিনের রাষ্ট্রীয় শোক
×

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৫:৫৯

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হামলা ও অভিযান চলাকালে ভেনেজুয়েলায় কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

কিউবার সরকার রোববার জানায়, যারা নিহত হয়েছেন তাদের সম্মান জানাতে ৫ ও ৬ জানুয়ারি, দুই দিন শোক পালন করা হবে আর তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম পরে ঘোষণা করা হবে। খবর রয়টার্সের

কিউবার সরকারের দেওয়া বিবৃতিতে বিস্তারিত বলা না হলেও যারা নিহত হয়েছেন তারা দেশটির সশস্ত্র বাহিনীর ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্য বলে জানা গেছে।

বিবৃতিতে কিউবা সরকার বলেছে, ‘আমাদের স্বদেশীরা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত তাদের দায়িত্বের প্রতি অটল থেকে মর্যাদা ও বীরত্বের সঙ্গে তাদের দায়িত্বপালন করেছেন আর হামলাকারীদের বিরুদ্ধে সরাসারি লড়াই করে অথবা তাদের স্থাপনাগুলোতে বোমাবর্ষণ সত্ত্বেও তীব্র প্রতিরোধের পর মৃত্যুবরণ করেছেন।’

মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই কিউবা তার কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছিল। নিহত কিউবানদের মধ্যে কতজন মৃত্যুর সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পাহারা দিচ্ছিলেন আর অন্য জায়গায় কতজনের সম্ভাব্য মৃত্যু হয়েছে তা পরিষ্কার হয়নি।

ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার ভোররাতে মার্কিন বাহিনী রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো (৬৩) ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তারা এখন নিউ ইয়র্ক শহরের একটি আটককেন্দ্রে আছেন। মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগের মুখোমুখি করতে সোমবার তাদের আদালতে হাজির করার কথা আছে।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস ষড়যন্ত্রসহ বেশ কিছু অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। তবে মাদুরো সবসময়ই কোনো ফৌজদারি অপরাধের জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছেন।

আরও পড়ুন

×