কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০৬:১৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ | ০৮:২৯
বাইডেনকে রেখে এবার কমলাকে নিয়ে পড়েছেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী জো বাইডেন অশ্বেতাঙ্গ নারী কমলাকে রানিংমেট হিসেবে বেছে নিয়েছেন, এটা মোটেই ভাল লাগেনি তার। কমলার নাম ঘোষণার পর থেকেই তাকে ‘জঘন্য’, ‘ভয়ঙ্কর’ এসব বিশেষণে বিশেষিত করছিলেন। এবার সরাসরি তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলে বসেছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নির্বাচনে তার অংশগ্রহণের যোগ্যতা নিয়ে কথা বলেন তিনি। খবর বিবিসি, ওয়াশিংটন পোস্টের
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কমলার নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা আছে কিনা আমার জানা নেই। কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রকৃত নাগরিক কিনা, তা স্পষ্ট নয়। আমার বিশ্বাস, ডেমোক্র্যাটরা তা যাচাই করে দেখবে।
ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনের একজন অধ্যাপক নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারই সূত্র ধরে সম্ভবত ট্রাম্প এমন প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে জন্মসূত্রে সে দেশের নাগরিক হতে হবে।
ট্রাম্প অবশ্য এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন।