বেসামরিক প্রাণহানি, পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ আফগানদের
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৭:১২
পাকিস্তানের সঙ্গে এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে বহু আফগান বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে হাজার হাজার মানুষকে। এসব হামলার বিরুদ্ধে পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজ শহরে বড় বিক্ষোভ হয়েছে। অনেককে তালেবান সরকারের সাদা পতাকা নাড়াতেও দেখা যায়। খবর এএফপির।
বিক্ষোভকারী গামাই বলেন, ‘আজ আমরা গারদেজে জড়ো হয়েছি পাকিস্তানের নির্মম হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এই হামলায় আফগান বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের দেশ রক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি।’
জাতিসংঘের আফগানিস্তান মিশনের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৪২ জন বেসামরিক মানুষ নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
পাকিস্তান এখনও বেসামরিক হতাহতের বিষয়ে কিছু বলেনি। তবে ইসলামাবাদ দাবি করেছে, তাদের বাহিনী ৪৩০ জনের বেশি আফগান সেনাকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, সংঘর্ষে প্রায় ১৫০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে দুই পক্ষের এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
খাদ্য সহায়তায় প্রভাব
সীমান্ত সংঘর্ষের কারণে প্রায় ৬৬ হাজার আফগান মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এই সংঘর্ষের কারণে পাকিস্তান থেকে ফেরত আসা আফগানদের মানবিক সহায়তা ও জরুরি খাদ্য বিতরণও ব্যাপকভাবে কমে গেছে।
সীমান্তে তালেবানের ঘাঁটিতে পাকিস্তানের হামলা
নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বুধবার রাতে পাকিস্তান সেনাবাহিনী সীমান্ত এলাকায় আফগান তালেবান ও জঙ্গিদের ৪১টি ঘাঁটিতে হামলা চালায়। চামান, ঝোব, নোশকি ও কিলা আবদুল্লাহ সীমান্ত এলাকার কাছে এই অভিযান চালানো হয়। হামলায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে।
- বিষয় :
- পাকিস্তান
- আফগানিস্তান
