ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরান সংঘাতের ধাক্কা লাগতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে

ইরান সংঘাতের ধাক্কা লাগতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১৯:৪৪

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বাড়াতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদেরা। বিশেষ করে তেলের দাম বাড়া এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে- কত দ্রুত তেলবাহী জাহাজগুলো আবার হরমুজ প্রণালি দিয়ে চলাচল শুরু করতে পারে তার ওপর। বর্তমানে ওই প্রণালি বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।

ইরানের হুমকির মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। পরিস্থিতি দীর্ঘ হলে তেলের দাম ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের পরিচালক স্যাম ওরি বলেন, অতীতে দেখা গেছে তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকলে তা অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করে। তার মতে, যদি তেলের দাম দীর্ঘ সময় ব্যারেলপ্রতি প্রায় ১৪০ ডলারের কাছাকাছি থাকে, তবে তা যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে।

এদিকে জ্বালানির দাম বাড়ার প্রভাব ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর পড়তে শুরু করেছে। জ্বালানি বিশ্লেষক প্যাট্রিক ডিহান জানান, দেশটিতে পেট্রলের গড় দাম ফেব্রুয়ারির তুলনায় গ্যালনপ্রতি প্রায় ৬৫ সেন্ট বেড়ে ৩ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘ হলে শুধু জ্বালানি নয়, নিত্যপণ্য, পরিবহন খরচ এবং শিল্প উৎপাদনের ব্যয়ও বাড়তে পারে। এতে মুদ্রাস্ফীতি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা ‘স্ট্যাগফ্লেশন’ পরিস্থিতি তৈরি করতে পারে।

অর্থনীতিবিদেরা আরও বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়বে, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে দেশটির বাজেট ও ঋণের ওপর।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×