ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে ক্রিপ্টোকারেন্সি চাইছে ইরান, জাহাজ চলাচল স্থবির, সতর্ক করলেন ট্রাম্প

হরমুজে ক্রিপ্টোকারেন্সি চাইছে ইরান, সতর্ক করলেন ট্রাম্প
×

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে। ইলাস্ট্রেশন: অ্যাক্সিওস

এএফপি, অ্যাক্সিওস, আলজাজিরা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১৩:৩৯

ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সংলাপের আগে হরমুজ প্রণালি ঘিরে নতুন কিছু তথ্য সামনে আসছে। আলোচনার টেবিলে এই প্রণালিটি যে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হতে যাচ্ছে তার ইঙ্গিত ফুটে উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক মন্তব্যে। তবে যুদ্ধবিরতি কার্যকরের শর্তে প্রণালি খোলার কথা থাকলেও সেখানে জাহাজ চলাচল এখনো স্থবির হয়ে আছে।

শুক্রবার সকালে আলজাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সংগৃহীত জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে মাত্র ১০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

এই স্থবিরতার মধ্যে ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস শুক্রবার জানিয়েছে, ইরান এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছে থেকে টোল আদায়ের অধিকার দাবি করছে। তারা জাহাজে থাকা প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে চাইছে, যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করতে হবে। 

টাইমসের প্রতিবেদনটি প্রকাশ হয় গতকাল বৃহস্পতিবার। এ খবরের দিকে ইঙ্গিত করে ইরানের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শিগগিরই টোল আদায় বন্ধ করতে বলেছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর দেশই এই গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ন্ত্রণ করবে।

এর আগে একজন মার্কিন কর্মকর্তা প্রণালিটি পুরোপুরি উন্মুক্তের কথা জানিয়েছিলেন। তবে পরে তিনি বলেছেন, ইরানিদের ভয়ে জাহাজগুলো সেখান দিয়ে চলাচল করছে না। ইরান সবাইকে হুমকি দিচ্ছে এবং বাধ্য করছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান সুলতান আল জাবের লিঙ্কডইনের একটি পোস্টে লিখেছেন, ‘এই মুহূর্তে স্বচ্ছতা প্রয়োজন। তাই পরিষ্কারভাবে বলা ভালো- হরমুজ প্রণালি খোলা নেই। চলাচলে বাধা দেওয়া হচ্ছে। শর্তারোপ করা হচ্ছে এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ট্যাঙ্কারগুলো থেকে ফি আদায় করা একদমই উচিত নয়। যদি তারা করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।’ পরে আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরান খুবই নিম্নমানের কাজ করছে। আমাদের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি।

মোজতবা খামেনির বার্তা
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার নতুন এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় ইরান ‘হরমুজ প্রণালি ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে’। 

অ্যাক্সিওস লিখেছে, এই ‘নতুন পর্যায়ের’ মধ্যে সম্ভাব্য টোল বা মাশুল আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। সেটি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়বে। বৃহস্পতিবার দিন শেষে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি ছিল। 

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাক্সিওস আরও লিখেছে, তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যবাহী শত শত ট্যাঙ্কার এখনো হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, এই সংকটের মধ্যে পারস্য উপসাগরে প্রায় ২০ হাজার নাবিক কার্যত আটকা পড়ে আছেন।

আরও পড়ুন

×