প্রথম নারী প্রধান পাচ্ছে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী
লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ২০:৩৪
তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর প্রথম নারী প্রধান হতে যাচ্ছেন। আগামী জুলাই থেকে তিনি ‘চিফ অব আর্মি’ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য কয়েলকে প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি একটি “গভীরভাবে ঐতিহাসিক মুহূর্ত”।
এদিকে, বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক হ্যামন্ড পদোন্নতি পেয়ে চিফ অব ডিফেন্স ফোর্স হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি অবসরে যাওয়া অ্যাডমিরাল ডেভিড জনস্টন-এর স্থলাভিষিক্ত হবেন।
প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেন, মার্ক হ্যামন্ড রয়্যাল অস্ট্রেলিয়ান নেভিতে ৪০ বছরেরও বেশি সময় ধরে “গৌরবময় ক্যারিয়ার” গড়েছেন এবং নতুন দায়িত্বেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
১৯৮৬ সালে নৌ বাহিনীতে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হিসেবে যোগ দেন হ্যামন্ড। পরে তিনি সাবমেরিনে দায়িত্ব পালন করেন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এইচএমএএস ফার্নকম্বের কমান্ডার ছিলেন। এছাড়া ওয়াশিংটন ডিসিতে সহকারী নৌ অ্যাটাশে হিসেবেও কাজ করেছেন। ২০২২ সালের জুলাই থেকে তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বহুল আলোচিত অকাস পারমাণবিক সাবমেরিন চুক্তির কাজ তদারকি করেছেন।
নতুন দায়িত্ব পেয়ে হ্যামন্ড বলেন, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বিনয়ী মুহূর্তগুলোর একটি। সামনে চ্যালেঞ্জিং সময়ে দেশের নৌ, স্থল ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত।
বর্তমান ডেপুটি চিফ অব নেভি রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি পদোন্নতি পেয়ে নৌবাহিনীর নতুন প্রধান হবেন।
অন্যদিকে, সুসান কয়েল ১৯৮৭ সালে আর্মি রিজার্ভে যোগ দেন এবং ১৯৯২ সালে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমি থেকে অফিসার হিসেবে স্নাতক হন। তিনি তথ্যযুদ্ধ বিভাগের প্রধান, মধ্যপ্রাচ্যে জয়েন্ট টাস্ক ফোর্স ৬৩৩-এর কমান্ডার এবং আফগানিস্তানে টাস্ক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন।
পূর্ব তিমুর, সলোমন দ্বীপপুঞ্জ ও আফগানিস্তানে সেনা মোতায়েনের সময় তিনি নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে তিনি চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে নিয়োগ পান, যেখানে সাইবার, মহাকাশ ও তথ্যযুদ্ধের দায়িত্বে ছিলেন।
তিন সন্তানের জননী কয়েল যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বলেন, “যা আপনি দেখতে পান না, তা আপনি হতে পারবেন না”—এই অর্জন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ও ভবিষ্যতে যোগ দিতে আগ্রহী নারীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হবে।
উল্লেখ্য, বর্তমান চিফ অব ডিফেন্স ফোর্স ডেভিড জনস্টন ৪৮ বছরের বেশি সময়ের চাকরি শেষে জুলাইয়ে অবসরে যাচ্ছেন। একই সময়ে সেনাবাহিনীর বর্তমান প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টও অবসর নেবেন।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- সেনাবাহিনী
- নারী
