শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
সাইবার হামলা নিয়ে ব্রিফ করেন শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব। বৃহস্পতিবার কলম্বোতে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ২০:৩৫
শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, তাদের অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। ঋণের ভারে জর্জরিত দ্বীপ দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে হ্যাকারদের এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা।
রাজধানী কলম্বোতে মন্ত্রণালয়ের সচিব হর্ষণ সূর্যপেরুমা বৃহস্পতিবার জানান, চুরি যাওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য দেওয়ার কথা ছিল।
২০২২ সালে শ্রীলঙ্কা প্রায় ৪ হাজার ৬০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়ে। দেশটি এখনো সেই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে সাইবার হামলার ঘটনা ঘটলো।
এই ঘটনার পর দেশটির ‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের (পিডিএমও)’ চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূর্যপেরুমা জানান, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে হ্যাকিংয়ের চেষ্টার খবর পেয়ে কর্তৃপক্ষ সতর্ক হয়। তদন্তে দেখা যায়, অস্ট্রেলিয়াকে পরিশোধের জন্য রাখা ২৫ লাখ ডলার উধাও হয়ে গেছে।
অর্থ মন্ত্রণালয়ের এই সচিব আরও বলেন, তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন। বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছেও সহায়তা চাওয়া হয়েছে।
- বিষয় :
- সাইবার হামলা
- অর্থ মন্ত্রণালয়
- শ্রীলঙ্কা
