ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘মেন ইন ব্ল্যাকের’ আদলে ছবি পোস্ট করে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

‘মেন ইন ব্ল্যাকের’ আদলে ছবি পোস্ট করে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:৩৩

আমেরিকান চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক’ সিনেমার পোস্টারের আদলে বানানো নিজের একটি ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তাঁকে সাদা শার্টের ওপর কালো কোট, টাই ও সানগ্লাস পরা অবস্থায় দেখা যাচ্ছে। পেছনে পাহাড়ি এলাকায় কিছু স্থাপনায় বিস্ফোরণ ঘটছে। শিরোনামে লেখা, ‘নো মোর মি. নাইস গাই!’

বুধবার করা পোস্টটির ক্যাপশনে ইরানের নেতাদের উদ্দেশে একটি বার্তাও লিখেছেন ডোনাল্ড ট্রাম্প- ‘ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানেই না কীভাবে পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের দ্রুত স্মার্ট (বুদ্ধিমান) হতে হবে!’
 
ইরানের কাছে থেকে একটি নতুন প্রস্তাব পাওয়ার একদিন পর ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো এই ছবি পোস্ট করলেন। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু ও যুদ্ধ শেষ করার রূপরেখা থাকলেও পারমাণবিক কর্মসূচির আলোচনা স্থগিত রাখার কথা আছে। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট। স্ক্রিনশট

প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনের স্থানীয় সময় গত সোমবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ বিষয়ে অবগত সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রস্তাবে পারমাণবিক কর্মসূচির বিষয়টি স্থগিত রাখার কথা বলায় ট্রাম্প অখুশি হয়েছেন। কারণ, যুদ্ধ এবং আলোচনা শুরুর সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকার প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

ট্রাম্পের নতুন হুঁশিয়ারির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেন, ‘স্বাধীন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে আর নেই।’ তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

আরও পড়ুন

×