বাদানুবাদের পর জার্মানি থেকে সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের
জার্মানিতে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর এক সদস্য। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৫:৫৪
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে বলে মন্তব্য করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। তাৎক্ষণিক এর প্রতিক্রিয়াও দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জার্মানিতে মোতায়েন থাকা মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র জার্মানিতে সেনার সংখ্যা কমানোর বিষয়টি পর্যালোচনা করছে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জার্মানিতে ৩৫ হাজারের বেশি মার্কিন সেনা ছিলেন। তবে জার্মান গণমাধ্যমের মতে, এই সংখ্যা বর্তমানে ৫০ হাজারের কাছাকাছি।
জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনারা মূলত ন্যাটো জোটের প্রতিরক্ষা ও কৌশলগত কমান্ড সেন্টার হিসেবে কাজ করেন। তবে ইরান যুদ্ধে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ওয়াশিংটন এখন ন্যাটোর মিত্রদের বিভিন্নভাবে বিপাকে ফেলার চেষ্টা করছে।
জার্মানিতে সেনা সংখ্যা কমানোর বিষয়ে ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে ফোনে কথা বলেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, দুই মন্ত্রী ইরান ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।
শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপদস্থ করছে বলে মন্তব্য করে এর আগে ক্ষোভের মুখে পড়েন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ম্যার্ৎস জানেনই না তিনি ইরান নিয়ে ঠিক কী বলেছেন।
তবে বুধবার জার্মান নেতা এই বিরোধকে হালকা করে দেখান এবং বলেন, দুই দেশের সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ অবস্থায় আছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে ম্যার্ৎস বলেন, তাঁর দৃষ্টিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আগের মতোই ভালো আছে। তিনি শুরু থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। কারণ, এই সংঘাতের কারণে জার্মানিসহ গোটা ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- বিষয় :
- সেনা প্রত্যাহার
- জার্মানি
- ডোনাল্ড ট্রাম্প
- ন্যাটো
