ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হলো যুক্তরাষ্ট্রের কম খরচের বিমান সংস্থা

ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হলো যুক্তরাষ্ট্রের কম খরচের বিমান সংস্থা
×

যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইনসের উড়োজাহাজ। শনিবার ফ্লোরিডায়। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৪:৩১

যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমান সংস্থা ‘স্পিরিট এয়ারলাইনস’ তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। কম খরচের এয়ারলাইনস হিসেবে পরিচিত সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। 

জেট ফুয়েলের দাম ছাড়াও কোম্পানিটির দেওয়ালিয়া হওয়ার প্রক্রিয়াও কার্যক্রম গুটিয়ে নেওয়ার পেছনে বড় প্রভাব রেখেছে। ২০২৪ সাল থেকেই কোম্পানিটি কয়েক দফায় দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। 

সম্প্রতি হোয়াইট হাউস এয়ারলাইনসটি রক্ষার জন্য ৫০০ মিলিয়ন ডলারের একটি জরুরি সহায়তা প্যাকেজ দেওয়ার কথা বিবেচনা করছিল। তবে পাওনাদারদের সঙ্গে শর্ত নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত সেই আলোচনা ব্যর্থ হয়। 

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক অন্যান্য চাপের কারণে স্পিরিটের আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে সংকটের কারণে জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় সংস্থাটি আর টিকে থাকতে পারছে না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার হুট করে সংস্থাটি তাদের ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দেয়। এতে বিপাকে পড়েন টিকিট বুক করে রাখা হাজারো যাত্রী। তবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আমেরিকান, ডেল্টা, ইউনাইটেড এবং জেটব্লু-র মতো বড় এয়ারলাইনগুলো দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। 

ইউনাইটেড এয়ারলাইনস শনিবার এক বিবৃতিতে জানায়, মাত্র ১২ ঘণ্টার মধ্যে তারা স্পিরিটের ১৪ হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

আরও পড়ুন

×