বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে
পশ্চিমবঙ্গে ক্ষমতায় মোদি না দিদি, দুই শিবিরে উত্তেজনা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১১:৩৪ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১১:৩৫
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা বাদে ২৯৩টি আসনে ভোট গণনা করা হবে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। প্রথমে পোস্টাল ব্যালট ও পরে ইভিএমের ভোট গণনা চলছে। ভোটের ফলাফল নিয়ে পুরো রাজ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা-উত্তর পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এমন ক্ষুরধার প্রতিযোগিতা দেখা যায়নি। রাজ্যটির ক্ষমতায় আসীন হবে নরেন্দ্র মোদির দল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তা নিয়ে চলছে নানা হিসাবনিকাশ।
রাজ্যের দুই দফায় ভোট গ্রহণে রেকর্ড ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোট গণনায় ৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। দুপুর ১২টার দিকে আসতে থাকবে ভোটের ফলাফল। বুথফেরত সমীক্ষার বড় অংশই ইঙ্গিত দিচ্ছে, রাজ্যে ক্ষমতার পালাবদল হতে পারে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। সে ক্ষেত্রে জোট সরকারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে। এবার ভোট গণনা করা হচ্ছে কলকাতাসহ রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে।
সম্পূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন মোট ৪৩২ পর্যবেক্ষক নিয়োগ করেছে। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে সেটাই সর্বাধিক। সবচেয়ে কম আলিপুরদুয়ারে। সেখানে পাঁচটি আসনে ছজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ফলাফল প্রকাশিত হবে।
বাতিল হলো এক আসনের ভোট
ব্যাপক সহিংসতা, ইভিএম কারচুপি এবং ভোটারদের ভয় দেখানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন এই কেন্দ্রের সব বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ফলতা বিধানসভার মোট ২৮৫টি বুথেই আগামী ২১ মে পুনরায় ভোট গ্রহণ করা হবে। ভোট গণনার জন্য ১২ হাজার সতর্কতা দিয়েছে বিজেপি। বিজেপি যদি ৫০০-৭০০ ভোটে এগিয়ে থাকে, তাহলে ভোট পুনর্গণনার আবেদন করার নির্দেশ মমতার।
নজরে হটস্পট ভবানীপুর বিধানসভা কেন্দ্র
গতকাল রোববার শেষ মুহূর্তের বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু করেন দলনেত্রী। সূত্রের খবর, ভবানীপুরের ভোট গণনা-সংক্রান্ত খুঁটিনাটি বুঝিয়ে দিতেই এ বৈঠক। ২৯৪ আসনের মধ্যে ভবানীপুর বিজেপি এবং তৃণমূল উভয়ের কাছেই প্রেস্টিজ ফাইট।
- বিষয় :
- পশ্চিমবঙ্গ
- ভোট
