ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুরে, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি

মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুরে, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি
×

মমতা বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী (ছবি-এনডিটিভি)

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:০৭ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৩:১৮

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণণায় তৃণমূল কংগ্রেসের প্রধান ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। মমতা বন্দোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ট সহযোগী থেকে বর্তমানে প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ১১ হাজার ১৫৫টি ভোট পেয়েছেন।

মমতার প্রাপ্ত ভোট ৩০ হাজার ৫৪৮। ভোটের ব্যবধান ১৯ হাজার ৩৯৩। সকাল ৮টা থেকে চলছে ভোট গণণা। দুপুরের পর ভোটের পুরো ফল আসতে পারে। 

প্রথম দিকে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ছিল ৯ হাজার ৩৫৯। শুভেন্দুর প্রাপ্ত ভোট ছিল ৮ হাজার ৪৬১টি। এরপর ধীরে ধীরে ভোটের ব্যবধানে এগিয়ে যেতে থাকেন মমতা। 

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে দুই হাজারেরও কম ভোটের ব্যবধানে হারিয়ে বড় ধরনের চমক দেখিয়েছিলেন শুভেন্দু। সেই পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে মমতাকে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হয়েছিল।

মমতা এগিয়ে থাকলেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস
তবে মমতা এগিয়ে থাকলেও সব আসনে ভোট গণনায় বিজেপি এগিয়ে রয়েছে। এনডিটিভি থেকে পাওয়া সর্বশেষ খবরে ২৯৩ আসনের মধ্যে বিজেপি এখন পর্যন্ত ১৯৩ আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৭টি আসনে। বামজোট একটি এবং কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত গণণা করা ভোটের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

অন্যদিকে আনন্দবাজার পত্রিকার অনলাইন বলছে, ১৬৫ আসনে এগিয়ে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৭টি আসনে। তবে কোন আসনে কত শতাংশ ভোট গণণা করা হয়েছে তা জানা যায়নি। 

এদিকে সমকালের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, বিজেপি ১২৭টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৮৭টি আসনে এখন পর্যন্ত এগিয়ে আছে। 

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসনে জয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় বর্তমানে ২৯৩টি আসনের ফল গণনা চলছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে রাজধানী কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়েছে।
 

আরও পড়ুন

×