ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যক্তিগত সহকারী হত্যার পেছনে দুই কারণ দেখছেন শুভেন্দু

ব্যক্তিগত সহকারী হত্যার পেছনে দুই কারণ দেখছেন শুভেন্দু
×

বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

আনন্দবাজার অনলাইন

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৭:৪৪ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৭:৫৩

ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা এবং ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। এ দুটি বিষয়কে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

চন্দ্রনাথ শুভেন্দুর ব্যক্তিগত সহকারী ছিলেন। হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার বারাসত হাসপাতাল চত্বরে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘একজন নিষ্পাপ, শিক্ষিত, তরুণকে খুন করা হল কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহকারী বলে। আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে বলে।’

শুভেন্দু বলেন, চন্দ্রকান্তের অপরাধের কোনো ইতিহাস নেই। তিনি সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হওয়ার জন্যই তাঁকে খুন করা হয়েছে।

চন্দ্রনাথের মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ বলে অভিহিত করেছেন শুভেন্দু। এই হত্যাকাণ্ডে জড়়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। শুভেন্দু বলেন, ‘ঠান্ডা মাথায় রেকি করে খুন করা হলো। তদন্তকারীদের কাছে আমার প্রার্থনা, এর সঙ্গে জড়িত প্রত্যেকটা লোককে খুঁজে বের করে আইনি উপায়ে ফাঁসিতে ঝোলানো হোক।’

শুভেন্দু জানান, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তাঁর কথা হয়েছে। ডিজি জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে পাওয়া গেছে। 

বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে। গাড়িতে সে সময়ে আরো একজন ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হন। দুজনকেই প্রথমে মধ্যমগ্রামের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এতে রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডির সদস্যরা আছেন। 

আরো পড়ুনযেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে

আরও পড়ুন

×