বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিতে দেখতে চায় ভারত: জয়সওয়াল
রণধীর জয়সওয়াল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৮:৫১ | আপডেট: ১৩ মে ২০২৬ | ০৯:০৫
| প্রিন্ট সংস্করণ
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এ সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কিনা– মঙ্গলবার এমন প্রশ্নে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এ সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছি– দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারত ইতিবাচক করে তুলতে চায়। ইতিবাচক দৃষ্টিতে দেখতে চায়। সেই মনোভাবের বদল হয়নি।’
কথিত অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়, এটি (অনুপ্রবেশ) তার অন্যতম। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন দুই হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে।
ভারত মনে করে, তারা সবাই বাংলাদেশি। কিন্তু বাংলাদেশ এখনও ওই বিষয়ে কিছু জানায়নি।’ ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গও ওঠে। এক সাংবাদিক বলেন, বিশ্বের যেখানে, যে কোনো স্থানে, যে কোনো ঘটনার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এ ক্ষেত্রেও সেই নজর রয়েছে।’
- বিষয় :
- সীমান্ত
