অনুমোদন ছিল দুটির, উৎপাদন হতো ২১ ধরনের ওষুধ
জেলা প্রশাসনের অভিযান
জব্দ ওষুধ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০০:০৯
ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে কুমিল্লা বিসিক শিল্পনগরীর ‘মর্ডান ড্রাগ’ নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন বিপুল পরিমান ওষুধ, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে অনুমোদনবিহীন ২১ ধরনের ওষুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জুবায়ের ইসলাম মাত্র দুটি ওষুধ উৎপাদনের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে বিক্রি করে আসছিলেন।
অভিযানে উপস্থিত ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুমিল্লার অফিস সহকারী শাহ আলম সরকার বলেন, ‘জব্দ করা ২১ ধরনের ওষুধের কোনো অনুমোদনপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কয়েকটি বিদেশি ব্র্যান্ডের ওষুধও এখানে তৈরি করা হতো। বিশেষ করে শিশুদের জন্য উৎপাদিত কিছু ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।’
তবে কারখানার মালিক জুবায়ের ইসলাম অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, কয়েকটি ওষুধ তৈরির অনুমোদন রয়েছে, তবে কিছু ওষুধের অনুমোদন নেওয়া হয়নি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ, এনএসআইয়ের কর্মকর্তারা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান বলেন, কারখানাটির বিরুদ্ধে অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া কোনো অনুমোদিত টেকনিশিয়ান ছাড়াই ওষুধ উৎপাদন করা হচ্ছিল। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
