চামড়াবোঝাই ট্রাক উল্টে খালে, নিহত চালক
ছবি: সমকাল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০১:২৫
কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী ও ট্যানারি কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. সোহেল রানা। তার বাড়ি গাজীপুরে। রাত ১টা পর্যন্ত মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি।
আহতরা হলেন— পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও ট্যানারি কর্মচারী মো. সোহেল সর্দার, ট্রাকচালকের সহকারী মনির হোসেন।
স্থানীয়রা জানান, স্থানীয় ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে তার শেডে সংরক্ষণ করেন। শনিবার রাতে সেসব চামড়া সাভারের একটি ট্যানারিতে পাঠানোর জন্য ট্রাকে তোলা হয়। ট্রাকটি খলিলপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
চামড়া ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বলেন, ট্রাকে প্রায় এক হাজার চামড়া ছিল। দুর্ঘটনার পর চামড়াগুলো সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় চামড়া নামিয়ে চালকের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চালক ট্রাকের নিচে চাপা পড়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
