চীনের মিত্র রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করবে যুক্তরাষ্ট্র
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১২:৪৩ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১২:৪৪
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর (৯৪) বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, ৩০ বছর আগে দুটি বেসামরিক উড়োজাহাজ ভূপাতিতের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যমগুলো এমন তথ্য দিয়েছে। রাউল কাস্ত্রো কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর ভাই। জ্বালানি সংকটের কারণে কিউবা যখন ধুঁকছে, তখনই এমন খবর সামনে এলো।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি দ্বীপ রাষ্ট্রটির কমিউনিস্ট সরকারের পতন ঘটাতে চান। বর্তমানে ট্রাম্প কমিউনিস্ট সরকার শাসিত চীন সফরে আছেন। কিউবা চীনের অন্যতম কৌশলগত মিত্র হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের পদে থাকাকালে রাউল চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন।
রাউল কাস্ত্রো তাঁর ভাইয়ের পর কিউবার প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৫ সালে বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নেতৃত্ব দেন। এ নিয়ে হওয়া সমঝোতা পরে বাতিল করেছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ১৯৯৬ সালে কাস্ত্রোবিরোধী পাইলটদের দ্বারা পরিচালিত দুটি বেসামরিক উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছিল। সম্ভবত ওই ঘটনা নিয়ে রাউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে মার্কিন বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
- বিষয় :
- কিউবা
- কমিউনিস্ট নেতা
- অভিযোগ গঠন
- যুক্তরাষ্ট্র
