যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৯
তিন হাজারের বেশি প্রাণহানি ছাড়াল
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১০:০৬
লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সর্বশেষ এই প্রাণহানি ঘটে। দেশটিতে গত মার্চে ইসরায়েল আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু, চার নারীসহ ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বলেছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেলের মধ্যে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ২৫টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে।
গত ২ মার্চ লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সে সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করতে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর জবাবে প্রতিশোধ হিসেবে শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে এই সংঘাত শুরু হয়।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর ঘোষণার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হামলাটি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ জানিয়েছে, এতে একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। দিনের শেষে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
আগামী জুনের শুরুতে দুই পক্ষের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়েই একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে দক্ষিণ লেবাননে।
হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ লেবাননের অংশবিশেষ দখল করে রাখা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
