আড়াই হাজার ব্যক্তির জাতীয়তা যাচাই করতে বাংলাদেশকে ভারতের অনুরোধ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৫:১৪
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে ২ হাজার ৮৬০ জন ব্যক্তির জাতীয়তা যাচাই করতে বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার বলেন, বাংলাদেশকে ২ হাজার ৮৬০ জনেরও বেশি ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করা হয়েছে। এসব ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ওই অনুরোধের এখনো সাড়া মেলেনি।
রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে ভারতে অবস্থান করেন, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
জয়সওয়াল বলেন, এই ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া আছে। সেটির আওতায় বাংলাদেশের কাছে তথ্য পাঠানো হয়। জাতীয়তা নিশ্চিত হওয়ার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
নিয়মিত সংবাদ সম্মেলনে জয়সওয়াল আরও বলেন, এ ধরনের বেশ কিছু অনুরোধ বাংলাদেশের কাছে এখনও ঝুলে আছে। সেগুলো যত দ্রুত নিষ্পত্তি হবে, ফেরত পাঠানোর প্রক্রিয়া তত সুশৃঙ্খল হবে।
সম্প্রতি অবৈধভাবে ভারতে প্রবেশ করা শত শত বাংলাদেশি সীমান্তে জড়ো হচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতোমধ্যেই প্রায় ৪০০ নথিবিহীন বাংলাদেশিকে আটক করেছে। রাজ্যের ভোটার তালিকায় চলমান ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর কার্যক্রমের কারণেও অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ‘শনাক্ত, বাতিল ও বহিষ্কারের’ নীতি নিয়েছেন।
