ফিফা গ্যালারিতে একসঙ্গে কেটি-ট্রুডো, সম্পর্ক ঘিরে নতুন আলোচনা
পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৬:৪৬ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ২১:০৪
ফিফা বিশ্বকাপের গ্যালারিতে আবারও একসঙ্গে দেখা গেছে পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপ ম্যাচে তাদের উপস্থিতি সেই জল্পনাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যেমে বলা হচ্ছে, মন্ট্রিয়লে এক নৈশভোজে হওয়া পরিচয় ধীরে ধীরে এমন এক সম্পর্কের দিকে গড়িয়েছে, যা এখন বিশ্বমিডিয়ার আলোচনায়।

২০২৩ সালে জাস্টিন ট্রুডো স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে আলাদা হওয়ার ঘোষণা দেন। অন্যদিকে কেটি পেরি ২০২৫ সালের দিকে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন। এ সময়ই দুজনের ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসে বলে ধারণা করা হয়।
প্রথম পরিচয় ও গুঞ্জনের শুরু
২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিয়লে এক নৈশভোজে কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রথম দেখা। এরপর শহরের বিভিন্ন স্থানে একসঙ্গে সময় কাটানোর দৃশ্য—বিশেষ করে মন্ট রয়্যাল পার্কে হাঁটা এবং একাধিক ডিনারে অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়লে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। শুরুতে বিষয়টি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হলেও, পরবর্তী সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা বাড়তে থাকে।

একসঙ্গে বিদেশ সফর ও প্রকাশ্য উপস্থিতি
২০২৫ সালের শেষ দিকে তারা একসঙ্গে জাপানে যান। এরপর থেকে সামাজিকমাধ্যমে তাদের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ শুরু হয়, যা অনেক বিশ্লেষকের মতে সম্পর্কের প্রকাশ্য ইঙ্গিত।
২০২৬ সালের শুরুতে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করে। এমনকি তারা নিজের সন্তানদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৬ সালের জুনে নিউইয়র্কে একটি প্রিমিয়ারে তারা প্রথমবারের মতো লালগালিচায় একসঙ্গে উপস্থিত হন। সেখানেই জাস্টিন ট্রুডোকে জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে উল্লেখ করেন কেটি পেরি।
ফিফা গ্যালারিতে নতুন করে আলোচনার জন্ম
সম্প্রতি ফিফা বিশ্বকাপের গ্যালারিতে তাদের আবারও একসঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। ম্যাচ চলাকালে গ্যালারিতে তাদের উপস্থিতি ও একসঙ্গে সময় কাটানোর দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনেকেই এটিকে সম্পর্কের গভীর পর্যায় হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুজনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের পেশাগত জীবন, আন্তর্জাতিক অবস্থান এবং জনপরিসরের চাপ। তা সত্ত্বেও তারা সম্পর্ককে ধীরে এগিয়ে নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। সব মিলিয়ে, ফুটবল ম্যাচের গ্যালারিতে তাদের সাম্প্রতিক উপস্থিতি এই সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, বিবিসি, সিএনএন, কসমোপলিটন
- বিষয় :
- কেটি পেরি
- জাস্টিন ট্রুডো