ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

হাসপাতালে রোগীকে মাদক চালান দিতে গিয়ে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

হাসপাতালে রোগীকে মাদক চালান দিতে গিয়ে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
×

টেকনাফের হোয়াইক্ষ্যং এলাকা থেকে সিএনজিযোগে স্বামী-স্ত্রী মিলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কৌশলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আসে। ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১০:০৫ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১০:২৪

কক্সবাজারে সরকারি হাসপাতালে রোগীকে মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হাসপাতালের চিকিৎসাধীন সেই রোগী, যার কাছে ইয়াবা পৌঁছানোর কথা ছিল।

আটককৃতরা হলেন আয়েশা আক্তার ও জাগির হোসেন। তারা দু’জনই টেকনাফের হ্নীলা এলাকার নয়াপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, এটি ছিল একটি সুপরিকল্পিত মাদক পাচার কৌশল, যেখানে জনসমাগমপূর্ণ হাসপাতালকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ঘটনার পর পুরো চক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টারে রোগীদের আনাগোনার মধ্যেই অভিযান চালায় পুলিশ। এ সময় সারিবদ্ধভাবে রাখা নীল প্যাকেট খুলে উদ্ধার করা হয় ইয়াবা, যা প্রতিটি প্যাকেটে ৯০ থেকে ১০০টি করে ট্যাবলেট আকারে রাখা ছিল। পরে আটক স্বামী-স্ত্রীর সামনেই এসব ইয়াবা গণনা করে পুনরায় প্যাকেটজাত করা হয়। 

পুলিশ জানায়, টেকনাফের হোয়াইক্ষ্যং এলাকা থেকে সিএনজিযোগে স্বামী-স্ত্রী মিলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কৌশলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আসে। বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের একাধিক টিম অবস্থান নেয়। টানা বৃষ্টির মধ্যেও চলে নজরদারি। পরে রাতের দিকে সদর হাসপাতালে পৌঁছামাত্র অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ১৭ হাজার ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী জোবায়ের প্রকাশ ফরিদ-এর কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার জন্য তারা এসেছিল। হাসপাতালকে আড়াল হিসেবে ব্যবহার করে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফের হোয়াইক্ষ্যং এলাকা থেকে একটি সিএনজিযোগে স্বামী-স্ত্রী দু’জন ইয়াবা নিয়ে সদর হাসপাতালের দিকে আসছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৪টা থেকে বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে একাধিক টিম অবস্থান নেয়।

তিনি বলেন, পরে সিএনজিটি সদর হাসপাতালের সামনে পৌঁছালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগী জোবায়ের প্রকাশ ফরিদ এই লেনদেনের সঙ্গে যুক্ত। তবে অভিযানের পর জোবায়ের প্রকাশ ফরিদকে হাসপাতালে পাওয়া যায়নি। তিনি পালিয়ে যান। হাসপাতালকে ব্যবহার করে এ ধরনের মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×