ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা
×

দীনেশ ত্রিবেদী। ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৫:৩২ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৫:৪৮

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে দায়িত্ব পালনকালে ভারতে অনুষ্ঠিত সরকারি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রীর সমপর্যায়ের প্রটোকল সুবিধা ভোগ করবেন। বিশেষ করে সরকারি অনুষ্ঠানে আসন বিন্যাস ও অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে তাকে সেই মর্যাদা দেওয়া হবে।

ভারতের সরকারি বিধি অনুযায়ী এ ব্যবস্থাকে ‘টেবিল অব প্রিসিডেন্স’ বা পদমর্যাদাভিত্তিক অগ্রাধিকারের সারণি বলা হয়। এর মাধ্যমে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে কোনো ব্যক্তি বা পদাধিকারীর প্রটোকলগত অবস্থান নির্ধারণ করা হয়।

ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা প্রদান করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত কেবল আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং এর ফলে ভারতের বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো স্থায়ী পরিবর্তন আসবে না।

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরতেই ভারত সরকার এ পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিও একটি কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এরই মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগেই ভারত সরকারের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করছে বলে পর্যবেক্ষকদের অভিমত।

উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং অতীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আরও পড়ুন

×