ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‘কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি’—মোদির মুখে শ্যামাপ্রসাদের উক্তি

‘কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি’—মোদির মুখে শ্যামাপ্রসাদের উক্তি
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১১:৫২

‘কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি’—ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ঐতিহাসিক বক্তব্য এবার উঠে এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই ঐতিহাসিক বক্তব্যের অংশ উদ্ধৃত করেন।

কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের মাটি ও বাংলার এই কৃতী সন্তানকে আজ গোটা দেশ স্মরণ করছে। তাঁর ইচ্ছাশক্তি, স্পষ্ট উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প আজও দেশকে পথ দেখাচ্ছে।

দেশভাগের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘১৯৪৭ সালে গোটা বাংলাকে ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য লড়াই করেছিলেন। এই প্রেক্ষাপটেই তিনি বলেছিলেন, কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি।’

মোদি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক বৈচিত্র্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। কংগ্রেসের প্রবল রাজনৈতিক প্রভাবের মধ্যেও ভিন্ন মতাদর্শকে প্রতিষ্ঠা করার সাহস দেখিয়েছিলেন তিনি। জনসংঘের সেই আদর্শই আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল বিজেপির মূল ভিত্তি।

গত দুই বছর ধরে দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার গত ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেছে উল্লেখ করে জন্মবার্ষিকীর এই অনুষ্ঠান আয়োজনের জন্য রাজ্য সরকারকেও অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন

×