‘ডাবল ক্রস, ফার্স্ট ক্লাস’: নরেন্দ্র মোদি কেন এত বিদেশি পুরস্কার পান
ইসরায়েলের ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ গ্রহণ করেন নরেন্দ্র মোদি। গত ফেব্রুয়ারিতে। ছবি: আলজাজিরার সৌজন্যে
আলজাজিরা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৫:৩২
আফ্রিকায় ভারত মহাসাগর উপকূলবর্তী দ্বীপরাষ্ট্র সেশেলস। গত ২৭ থেকে ২৯ জুন নরেন্দ্র মোদি সেখানে রাষ্ট্রীয় সফরে গেলে তাঁকে বিশেষ স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। নীল রঙের ওই স্মারকটির নাম দেওয়া হয়েছে- ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’।
ভারতের প্রধানমন্ত্রীর ওই সফরের আগে সেশেলসে এই নামের কোনো সম্মাননা ছিল না। এমনকি স্মারকের সঙ্গে দেওয়া প্রশংসাপত্রেও কিছু অসঙ্গতি আছে। ইংরেজিতে দেশের নাম ভুল করে লেখা হয়- রিপাবলিক অব সেশেলস। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক নিতাশা কাউল বলছেন, সম্ভবত মোদির সফর ঘিরে তাড়াহুড়া করে এমন স্মারক বানাতে গিয়ে ভুল হয়েছে।
স্মারকটি উপহাসের জন্ম দিলেও এটি এখন নরেন্দ্র মোদির বিদেশ সফরে প্রাপ্ত পুরস্কারের সংগ্রহশালায় জায়গা করে নিয়েছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যখনই বিদেশ সফরে গেছেন, বেশিরভাগ সময়ই তিনি কোনো না কোনো পুরস্কার নিয়ে ফিরেছেন। এগুলোর অধিকাংশই তাঁর সফর উপলক্ষে তৈরি করা হয়েছিল।
The world has figured Modi out.
— Supriya Shrinate (@SupriyaShrinate) June 28, 2026
Give him any award, and he’ll come running.
Seychelles approved a brand-new award - ‘Guardian of the Blue Horizon’ - just four days ago.
It had never been given to anyone before Modi. They were in such a tearing hurry that they even got the… pic.twitter.com/dKpNt3SCJp
নিতাশা কাউল বলছেন, পুরস্কারগুলো ভারতের কূটনৈতিক সফলতার প্রতিফলন নয়। এগুলো কেবল মোদির ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য দেওয়া হয়েছে।
কত পুরস্কার, কারা দিয়েছে?
ক্ষমতায় থাকার গত ১২ বছরে বিভিন্ন দেশ সফরের সময় মোদি ৩০টির বেশি সম্মাননা পেয়েছেন। সবশেষ গত মঙ্গলবার ইন্দোনেশিয়াতে তাঁকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘বিনতাং আদিপূর্ণা’ দেওয়া হয়।
গত জুনে স্লোভাকিয়া সফরের সময় দেশটির সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস, ফার্স্ট ক্লাস’ পান মোদি। পুরস্কারের নাম শুনে মনে অন্যরকম ভাবনার উদ্রেক হলেও এই সম্মাননাটি আসল। এটি মূলত বিদেশি নাগরিকদের জন্যই সংরক্ষিত। এর আগে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ব্রনিস্লাভ কোমোরোভস্কি এবং অস্ট্রিয়ার সাবেক প্রেসিডেন্ট হাইঞ্জ ফিশারসহ বেশ কয়েকজন বিশ্বনেতা এই সম্মাননা পেয়েছেন।
স্লোভাকিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে যেসব বিদেশি নাগরিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন, মূলত তাদের এই পুরস্কার দেওয়া হয়। মোদি স্লোভাকিয়ার এই পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি না হলেও, তিনি ইসরায়েলের ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ পাওয়া একমাত্র রাষ্ট্রনেতা। গত ফেব্রুয়ারিতে তাঁর সফরের আগ মুহূর্তে ওই পুরস্কার তৈরি করা হয়।
আর কী কী পুরস্কার পেয়েছেন?
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ২০১৮ সালে যৌথভাবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পান মোদি। পরিবেশ রক্ষায় অসামান্য অবদান এবং টেকসই উন্নয়নের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
পরের বছর (২০১৯) ভারতের স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নমূলক কর্মসূচি ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর জন্য মোদি নিউইয়র্কে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ পান। একই বছর ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ভারতের প্রধানমন্ত্রীকে ‘ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’ দেয়। নিয়ম অনুযায়ী এই সম্মাননাটি প্রতি বছর একজন বিশ্বনেতাকে দেওয়ার কথা থাকলেও, মোদির পর আর কোনো রাষ্ট্রপ্রধান পুরস্কারটি পাননি।
- বিষয় :
- নরেন্দ্র মোদি
- পুরস্কার
- প্রধানমন্ত্রী
- ভারত