ইরানে মার্কিন হামলায় ৭ সেনাসহ নিহত ৩৭
মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৪:০৮
ইরানের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এমন তথ্য দিয়েছেন। আর সামরিক বাহিনীর পক্ষ থেকে অন্তত সাতজন সেনা নিহতের কথা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোহাজেরানি লিখেছেন, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশের পাশাপাশি আমরা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সরকার তার সমস্ত শক্তি দিয়ে জনগণের পাশে দাঁড়াবে। ইরানের দক্ষিণাঞ্চল হলো এই ভূখণ্ডের স্পন্দন।
সামরিক বাহিনীর বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানশাহর শহরের বামপুর গ্যারিসনে (সেনাঘাঁটি) যুক্তরাষ্ট্রের ১৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ৩৮৮ ব্রিগেডের সাতজন সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সামরিক বাহিনী উপযুক্ত সময়ে এই অপরাধের জবাব দেবে।
একইদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, গত কয়েকদিনের মার্কিন হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ২২২ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম।
সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, বুশেহর প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তাতে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে আছে এবং শহরে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।
- বিষয় :
- ইরান
- নিহত
- হামলা
- যুক্তরাষ্ট্র