‘এখনো দুটি দাবি বাকি’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাহুল গান্ধী
ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৭:৫৪ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৮:১০
ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে শিক্ষার্থীদের আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তবে তিনি বলেছেন, আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। শিক্ষার্থীদের আরও দুটি দাবি পূরণ করতে হবে বলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথে ‘প্রথম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। তিনি বলেন, ‘দেশজুড়ে যেসব শিক্ষার্থী গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমেছে, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আমরা তোমাদের নিয়ে গর্বিত।’
রাহুলের ভাষ্য, এই আন্দোলনের সাফল্য শুধু শিক্ষার্থীদের জন্য নয়, সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত অন্যান্য শ্রেণি-পেশার মানুষের জন্যও একটি বার্তা। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সাহস করে দাঁড়ালে পরিবর্তন সম্ভব।
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও শিক্ষার্থীদের দুটি দাবি পূরণ করা জরুরি বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। প্রথমত, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও বলপ্রয়োগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। রাহুল বলেন, ‘যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বা গুলি চালিয়েছে, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে।’
গত ২০ জুলাই সংসদ অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ অভিযানের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শাস্তির মুখোমুখি করতে হবে।
দ্বিতীয় দাবি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রাহুল গান্ধী। তার ভাষ্য, ভারতের শিক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।
শিক্ষার্থী আন্দোলনের ইস্যুতে চলতি সপ্তাহে সংসদের ভেতরে ও বাইরে সরব ছিল বিরোধী দলগুলো। ২১ জুলাই কংগ্রেসের সংসদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। সেখানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জবাবদিহি এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।
এদিকে ক্রমবর্ধমান আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁস রোধে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে ভারতের কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার শিক্ষা সচিবকে বদলি করেছে, জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ) এর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং সংস্থাটিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দিয়েছে।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- রাহুল গান্ধী
- ভারত
- পদত্যাগ