ভারতের অর্থনীতি মৃত, বললেন রাহুল গান্ধী
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ১২:৩১
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের অর্থনীতি ‘মৃত’। ট্রাম্প এ সত্যটাকে শনাক্ত করতে পেরেছেন। তিনি বলেন, ‘আপনারা দ্বিধায় আছেন? সারা পৃথিবী জানে, বিজেপি ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে। কীভাবে? আদানিকে সহায়তা করে।’
বৃহস্পতিবার টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, দেশটির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল এসব কথা বলেন।
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনাকে আঘাত করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। স্থানীয় সময় বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ১ আগস্ট (আজ) থেকে ভারতের ওপর এ জরিমানা কার্যকর হবে। এমন এক সময় ট্রাম্প এ ঘোষণা দিলেন, যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ চালাক।
রেটিং এজেন্সি ইক্রার প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ও জরিমানা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। এটি ভারতের জিডিপি প্রবৃদ্ধির জন্য বাধা সৃষ্টি করতে পারে। ক্ষতির পরিমাণ নির্ভর করবে আরোপিত জরিমানার আকারের ওপর।’ শুল্ক বৃদ্ধির প্রতিকূল প্রভাবের কারণে ইকরা আগেই এ অর্থবছরে ভারতের জন্য তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ শতাংশ করেছে।
কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি করতে বেশ কয়েক দফা আলোচনা করে ভারত ও যুক্তরাষ্ট্র। দিল্লি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বোর্বন হুইস্কি ও মোটরসাইকেলের মতো পণ্যে শুল্ক কমায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৪ হাজার ৫০০ কোটি ডলারের। ট্রাম্পের নজর এ ঘাটতি কমানোর দিকেই।
ট্রাম্পের শুল্ক ঘোষণায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও শিল্প খাত-সংশ্লিষ্টরা প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের শিল্প খাতের এফআইসিসিআইর প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগারওয়াল এটাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন। এ শুল্ক স্পষ্টভাবে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান তিনি।
- বিষয় :
- ভারত
- রাহুল গান্ধী