ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

মহেশখালীতে ৩৬ দিন সাগরে ভেসে থাকা দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার

মহেশখালীতে ৩৬ দিন সাগরে ভেসে থাকা দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার
×

উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান জেলে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ২০:০৫

বঙ্গোপসাগরে ভয়াবহ বৈরী আবহাওয়ার কবলে পড়ে দীর্ঘ ৩৬ দিন ভাসমান অবস্থায় কাটানো পিতা-পুত্র দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার উদ্ধার হওয়া জেলেদের মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার শ্রীলঙ্কান জেলেদের ভাষ্যমতে, সাগরে গভীর রাতে মাছ শিকারের সময় হঠাৎ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে তাঁদের বহনকারী ড্যানিশ ফিশিং বোটের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে পড়ে। ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে ভাসতে অনিয়ন্ত্রিতভাবে তাঁরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। 

শ্রীলঙ্কান ওই জেলেদের দাবি, সাগরে চরম অসহায় অবস্থায় ভেসে থাকার সময় তাঁরা জলদস্যুদের নির্মম হামলার শিকার হন। দস্যুরা তাঁদের বোটের সমস্ত মূল্যবান মালামাল ও যাবতীয় খাবারের রসদ লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে গভীর রাতে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে ‘গুলিরধার’ নামক সামুদ্রিক এলাকায় ভাসমান ওই ড্যানিশ বোটসহ দুই বিদেশি জেলেকে দেখতে পায়। পরবর্তীতে জিয়াউর রহমানের ট্রলারের জেলেরা মানবিক কারণে বাবা-ছেলে উভয়কে উদ্ধার করেন এবং বিকল বোটটি নিজেদের ফিশিংবোটের পেছনে বেঁধে তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসেন।

উদ্ধারের পর ওই দুই শ্রীলঙ্কান জেলে বোটের মালিক জিয়াউর রহমানের বাড়িতেই সাময়িকভাবে আশ্রয়ে ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত ড্যানিশ বোটে কোনো জিনিসপত্র বা মালামাল ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান জানান, উদ্ধার দুই বিদেশি জেলেকে বর্তমানে নিরাপদ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের সঠিক পরিচয় নিশ্চিতকরণসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

×