ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

১৮ দিন প্রেমের পর অভিনেত্রীর বিয়ে, বিচ্ছেদে গুনেছেন ভুলের মাশুল

১৮ দিন প্রেমের পর অভিনেত্রীর বিয়ে, বিচ্ছেদে গুনেছেন ভুলের মাশুল
×

ইভা গ্রোভার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ২০:২৭ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ২০:৫৬

বলিউড অভিনেতা আমির খানের সৎভাই হায়দার আলি খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইভা গ্রোভার। এক পডকাস্টে তিনি দাবি করেন, তার বিবাহিত জীবন ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, সংসার চালানোর জন্য তাকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাপও দিতেন হায়দার। শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ইভা।

প্রেম ও বিয়ে সম্পর্কে ইভা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে জনপ্রিয় ধারাবাহিক ‘কারিশ্মা কা কারিশ্মা’, ‘বিদায়ী’ ও ‘শারারত’-এ অভিনয়ের সময় হায়দারের প্রেমে পড়েন তিনি। মাত্র ১৮ দিনের পরিচয়ের পর তারা বিয়ে করেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘মাত্র ১৮ দিনের প্রেমের পর মানুষটিকে ভালোভাবে না চিনে বিয়ে করে ফেলি। প্রেমের ১৯তম দিনে আমি ওর সঙ্গে পালিয়ে যাই। তখন আমার ক্যারিয়ার ঊর্ধ্বমুখী ছিল। ধর্মের পার্থক্যও ভাবিনি।’

তবে বিয়ের পরই হায়দারের ভিন্ন রূপ দেখতে পান বলে দাবি করেন ইভা। তার অভিযোগ, বিভিন্ন পরিচালক ও প্রযোজকের সঙ্গে আপস করতে তাকে চাপ দেওয়া হতো।

ইভা বলেন, ‘আমাকে বলা হতো, আমি যদি তাদের খুশি করতে পারি, তাহলে ও কাজ পাবে। না হলে বেকারত্বের জীবন কাটাতে হবে।’

তিনি আরও দাবি করেন, নিজের অভিনয়জীবনে কাজের অভাব না থাকলেও হায়দারের সঙ্গে সংসার করতে গিয়ে সব সঞ্চয় শেষ হয়ে যায়। সংসার চালাতে বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছিল বলে জানান তিনি।

সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে ইভা বলেন, ‘হায়দার বলেছিল, সন্তানের জন্য ও বাড়ির বিদ্যুতের বিল পরিশোধ করতে আমাকে অন্যের শয্যাসঙ্গিনী হতেই হবে। এরপর আর এক মুহূর্তও অপেক্ষা করিনি। তাৎক্ষণিক সিদ্ধান্ত ‍নিয়ে চলে এসে।’

ইভার দাবি, বিয়ের পাঁচ বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়।

উল্লেখ্য, অতীতেও হায়দার আলি খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন ইভা গ্রোভার। তবে এসব অভিযোগের বিষয়ে হায়দার আলি খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×