ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কাগজের বাক্সে ছিল পাঁচ নবজাতকের দেহাবশেষ

কাগজের বাক্সে ছিল পাঁচ নবজাতকের দেহাবশেষ
×

ফ্রান্সের অরেঞ্জ শহরের এই বাড়ি থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ পেয়েছে পুলিশ। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২০:৪৭

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বাড়ি থেকে পাঁচ নবজাতকের হাড় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সেগুলো কাগজের একটি বাক্সের ভেতর ছিল। এ ঘটনায় পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে।

দেশটির অরেঞ্জ শহরের স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, গত রোববার শহরের একটি বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাঁর সঙ্গী পরিচয় দেওয়া এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখেছেন।

ওই ব্যক্তির দাবি, সঙ্গীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পেরেছিলেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। এক সময় মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান। 

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থেকে এমন বর্ণনা শোনার পর সোমবার রাতে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। একজন ফরেনসিক চিকিৎসক বলেছেন, দেহাবশেষগুলো সম্ভবত পাঁচটি নবজাতকের।

তদন্তকারীরা এখনও ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। তাঁর পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান আছে। ফ্লোর জ্যঁ নামে এক প্রতিবেশী এএফপিকে বলেছেন, শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে যেত। প্রতিদিন দুপুরে তাদের মা স্কুল থেকে নিয়ে আসতো। ওই নারীর সঙ্গী কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকতেন।

মঙ্গলবার দুইতলা ওই বাড়ির সিঁড়ির কাছে একাধিক সাইকেল দেখা গেছে। পুলিশের সদস্যরা লাল টেপ দিয়ে দরজা সিল করে দিয়েছেন।

ফ্রান্সে এর আগেও বাড়ি থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা আছে। সবশেষ গত মার্চ মাসে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ পায় পুলিশ। এ ঘটনায় আদালত ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন

×