হরমুজ প্রণালি খোলা নিয়ে এবার ইরানকে শর্ত দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
রয়টার্স
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৩:২০ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১৩:৫৫
হরমুজ প্রণালি খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কয়েকটি দাবি মেনে নেওয়ার শর্ত দিয়েছিল ইরান। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো ইরানকে কয়েকটি শর্ত দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার ট্রাম্প বলেন, ‘যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে।’ দুই দেশের মধ্যে কয়েক দফায় আলোচনা হলেও ট্রাম্প এর আগে কখনো এসব শর্তের কথা প্রকাশ্যে উল্লেখ করেননি। সম্প্রতি ইরান যেসব শর্ত দিয়েছিল সেগুলো মূলত গত জুন মাসে স্বাক্ষর হওয়া চুক্তির দফা মেনে চলা কেন্দ্রিক। এর মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টিও ছিল।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত ৫০ বছরে তারা যে ক্ষতি করেছে সেটির জন্য আমরা অর্থ চাইব। এর মধ্যে সাধারণ বিক্ষোভকারী এবং অঞ্চলে নিহত মার্কিন সেনাদের ক্ষতিপূরণও থাকবে। যদি ক্ষতিপূরণ দিতে হয়, আমার মনে হয় ইরানেরই সেই ক্ষতিপূরণ দেওয়া উচিত।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি শর্ত দেওয়ার ঘটনা হরমুজ প্রণালি পুনরায় খোলার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে। অপরিশোধিত তেলের দামেও এর প্রভাব পড়েছে। সোমবার দিন শেষে দাম বেড়েছিল ৫ শতাংশ।
ইরানে সবশেষ বিক্ষোভে সরকারি বাহিনীর দমন-পীড়নের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ছয় সপ্তাহ আগের হিসাব অনুযায়ী ইরান প্রায় ৫২ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।’ ইরানবিরোধী গোষ্ঠীগুলো ওই বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির দাবি করলেও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গত ফেব্রুয়ারিতে জানায়, নিহতের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘২০০০ সালের অক্টোবরে ইয়েমেনে মার্কিন নৌ-জাহাজ ইউএসএস কোলের ওপর হামলা হয়। তখন ১৭ জন মার্কিন নাবিক প্রাণ হারান। ইরানের উচিত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।’ উল্লেখ্য, ওই হামলার জন্য আল কায়েদাকে দায়ী করা হয়েছিল, ইরানকে নয়।
এদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজার মানুষের ক্ষতি ও মৃত্যুর জন্যও ইরানকে দায় নিতে হবে।