ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় সাতশ’র বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

ইন্দোনেশিয়ায় সাতশ’র বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
×

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাষণ দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার জাকার্তায়। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২০:৩১

চলতি বছরের শেষ নাগাদ ৭৫০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। শুক্রবার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টের ভাষণে তিনি বলেন, দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকার পরও জনগণ যথেষ্ট উপকৃত হচ্ছে না।

যেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে সেগুলোর পরিচালনা পর্ষদকে ‘অকার্যকর’ হিসেবে উল্লেখ করেন সুবিয়ান্তো। পর্ষদগুলোর বিরুদ্ধে তদন্তের জন্য তিনি একটি বিশেষ আদালত গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, পর্ষদগুলো মুনাফার মনগড়া হিসাব দেখিয়েছে। 

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ। দীর্ঘদিন ধরে তারা সরকারি ও বেসরকারি খাতের দুর্নীতির সঙ্গে লড়াই করছে। দুর্নীতিবিরোধী আইন শক্তিশালী করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

সুবিয়ান্তো বলেন, ‘অকার্যকর রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো লোকসান করলেও সব সময় মুনাফা দেখায়। ওই মুনাফার হিসাব আসলে মনগড়া।’

২০২৪ সালের অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া সুবিয়ান্তো বলেন, এসব প্রতিষ্ঠান কখনও কখনও এমনভাবে পরিচালিত হয়, যেন তারা যা ইচ্ছা তাই করতে পারে। দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাই নেই।

আরও পড়ুন

×