ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৯:৪৭
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে আইনজীবীদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার এ নির্দেশ দেন।
দুর্নীতির মামলায় ২০২৩ সালে ইমরানকে কারাগারে পাঠানো হয়। আদালতে করা আবেদনে তাঁর স্বাস্থ্যের অবনতির বিষয়ে ঠিক কি বলা হয়েছে তা জানা যায়নি। বিচারপতি শাহিদ ওয়াহিদ বলেছেন, আগামী দুই দিনের মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হবে।
বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরানের পাশাপাশি স্ত্রী বুশরা বিবিও কারাভোগ করছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনি দলের সদস্য সরদার মাসরুফ খান জানিয়েছেন, হাসপাতালে স্থানান্তরের পর ইমরানের সঙ্গে থাকবেন তাঁর বোন উজমা খান। তিনি নিজেও একজন চিকিৎসক। পরিবারের বাকি সদস্যরা সপ্তাহে একদিন দেখা করার অনুমতি পাবেন।
চলতি বছর একটি হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছিলেন ইমরান খান। তিনি ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে সে সময় উল্লেখ করেছিলেন স্বজন ও আইনজীবীরা। মঙ্গলবার আদালতের নির্দেশের পর পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা গণমাধ্যমকে বলেন, ‘এটি বড় পদক্ষেপ।’ একইসঙ্গে তিনি এটিকে বড় আশীর্বাদ হিসেবেও উল্লেখ করেন।