ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি তুললেন বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি তুললেন বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী
×

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১২:৫৪

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরপরই প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করে সামরিক আইন জারি করা হয়। বর্তমান পরিস্থিতে সেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন মিখাইল ফেদোরভ। তিনি দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী। 

তরুণদের কাছে জনপ্রিয় ফেদোরভকে সম্প্রতি বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় ফেদোরভ বলেন, ‘গণতন্ত্রকে রাশিয়ার কাছে জিম্মি করে রাখা যায় না। আমরা মূলত একটি মুক্ত ও স্বাধীন ইউরোপীয় রাষ্ট্র হিসেবে টিকে থাকতেই লড়াই করছি।’

ইউটিউবে পোস্ট করা ভিডিওতে ফেদোরভ উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও ইউক্রেনকে একটি আইনি, নিরাপদ ও বাস্তবসম্মত পদ্ধতি খুঁজে বের করতে হবে। এমন পথ খুঁজে বের করতে হবে, যা দেশকে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে সাহায্য করবে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে ভোট আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন বাধা ও জটিলতার কথাও স্বীকার করেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বিষয়টি জটিল। তবে একেবারে অসম্ভব নয়।

চলতি বছরের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ফেদোরভ। এরপর তিনি দুর্নীতি, সরঞ্জামের ঘাটতি, অনুমতি ছাড়া অনুপস্থিতিসহ বেশকিছু পদক্ষেপ হাতে নেন। তিনি মূলত বিতর্কে জর্জরিত সামরিক বাহিনীতে সংস্কারের চেষ্টা করেছিলেন।

গত জুলাই মাসে হঠাৎ ফেদোরভকে বরখাস্তের সিদ্ধান্ত নেন ভলোদিমির জেলেনস্কি। এর প্রতিবাদে বিভিন্ন শহরে তরুণরা বিক্ষোভ করেন। যা জেলেনস্কির ওপর চাপ তৈরি করে। বর্তমানে ওলেকসান্দার সিরস্কিকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাবেক সেনাপ্রধান। তাঁকে ফেদোরভের অন্যতম প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখা হতো।

ভিডিওটিতে ফেদোরভ নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। এর আগে তিনি একাধিকবার জানিয়েছেন, কেবল প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই সরকারে ফিরতে চান।

আরও পড়ুন

×