ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজকে আবারও ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র পোস্ট করলেন ট্রাম্প

হরমুজকে আবারও ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র পোস্ট করলেন ট্রাম্প
×

যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১১:২৫

হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে একই ছবি পোস্ট করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি রপ্তানি এই জলপথ দিয়ে যেত। বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

ট্রাম্প যে মানচিত্রটি পোস্ট করেছেন, তাতে হরমুজ প্রণালিকে গোল করে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্টও একই ছবি পোস্ট করেছিলেন তিনি।

এরও আগে ১৫ আগস্ট নিউইয়র্কে এক সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড ঘোষণা করবেন।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তবে ইরানও প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। দেশটি জানিয়েছে, জলপথটি ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে এবং নির্ধারিত ট্রানজিট ফি দিতে হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ সংশোধন এবং প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’ রেজাই আরও বলেন, এবার যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের দায়বদ্ধতা পূরণ করতে হবে।

ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’-এ অংশ না নিতে অন্য দেশগুলোকেও সতর্ক করেছেন রেজাই। তার ভাষ্য, ইরানের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে অংশ নেওয়া যেকোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে না এলে ইরান তাদের স্বার্থে আঘাত করবে।

রেজাই দাবি করেন, যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক বিকল্প রয়েছে। তার ভাষ্য, এখন পর্যন্ত ইরান শুধু মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, কোনো মার্কিন অর্থনৈতিক স্বার্থে আঘাত করেনি।

তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির আশপাশে ও অন্যান্য এলাকায় থাকা মার্কিন তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর হুমকি দেন তিনি। ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কোনো পদক্ষেপ নিলে দুই দেশের সংঘাত ‘ভূমিকম্পের মতো’ হবে বলেও সতর্ক করেন রেজাই।
 

আরও পড়ুন

×