মাদারীপুরে এমটিবির মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৬
মাদারীপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) আয়োজিত মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) সহযোগিতায় গত ২৪ আগস্ট এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাস্তবায়িত এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৬ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
নিবিড় এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য অংশগ্রহণকারী উদ্যোক্তাদের দক্ষতা, ব্যবসায়িক সক্ষমতা ও যোগ্যতা বৃদ্ধি করা, যাতে তারা প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও আর্থিক সেবার আওতায় আসতে পারেন। পাশাপাশি ব্যবসা শক্তিশালীকরণ, প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দেওয়াও এ কর্মসূচির লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) মো. মাসুম বিল্লাহ। তিনি প্রতিযোগিতামূলক উদ্যোক্তা সমাজ গড়ে তোলা এবং উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা সহজতর করতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন এমটিবির ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন এ. কে. এম. তারেক এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) মোহাম্মদ ওয়াসিম। তারা অংশগ্রহণকারী উদ্যোক্তা ও সামগ্রিক উদ্যোক্তা বাস্তুতন্ত্রে এ কর্মসূচির ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন মঞ্জু কুমার দে। তিনি কর্মসূচি আয়োজনে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এসআইসিআইপি, এডিবিসহ সংশ্লিষ্ট সব অংশীদারকে ধন্যবাদ জানান।
মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের উপযোগী করা, ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক